
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, আগামী এক–দুদিনের মধ্যেই ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত হবে। সোমবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের অগ্রগতির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি এবং জামায়াত সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে, যা দেশবাসীরও প্রত্যাশা। ডা. শফিকুর রহমান জানান, বিচারবিভাগকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, তবে সেখানে জবাবদিহিও নিশ্চিত থাকতে হবে। তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে জামায়াত বিশ্বের শান্তিকামী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, গণমাধ্যম কোনো দলের পক্ষপাতদুষ্ট হবে না এবং আসন্ন নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে, যাতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।